
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতি দেখা দিয়েছে, ফলে যাত্রী ও চালকদের দুর্ভোগ বাড়ছে।
বৃহস্পতিবার সকালে এলেঙ্গা বাস স্টেশন, রাবনা ও আশেকপুর বাইপাসসহ বিভিন্ন স্থানে দেখা যায়, মানুষ বাসের পাশাপাশি ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসে ঝুঁকি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। মহাসড়কে বাসের তুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংখ্যাই বেশি চোখে পড়েছে। অনেকেই ভাড়ায়চালিত মোটরসাইকেল ও প্রাইভেটকার ব্যবহার করছেন, আর বেশি ভাড়ার কারণে কেউ কেউ খোলা ট্রাক বা পিকআপে যাতায়াত করছেন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সড়কে কিছু যানবাহন বিকল হয়ে পড়ায় রাত থেকে ভোর পর্যন্ত এ ধীরগতির সৃষ্টি হয়। তিনি আরও বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে।



