
ঈদযাত্রায় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে বগুড়ার সান্তাহার জংশন ছাড়ার পরপরই ট্রেনটির ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে শতাধিক যাত্রী আহত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, আদমদীঘি ও সান্তাহারের মাঝামাঝি এলাকায় রেললাইনের মেরামত কাজ চলছিল এবং সতর্কতা হিসেবে লাল পতাকা টানানো ছিল। কিন্তু চালক তা খেয়াল না করায় দ্রুতগতির ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর চালকসহ ট্রেনের স্টাফদের ঘটনাস্থলে পাওয়া যায়নি।
দুর্ঘটনায় ট্রেনের ভেতরে ও ছাদে থাকা অনেক যাত্রী আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালসহ নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশের এক কর্মকর্তা জানান, লাল পতাকা থাকা সত্ত্বেও দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে কাজ করছে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।



