
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তরুণ রাকিবুল ইসলাম হত্যার ঘটনায় চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, আজ বেলা একটায় ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত প্রকাশ করা হবে।
ঘটনা ঘটে গত রোববার রাতে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে রাকিবুল কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। তখন কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় এবং পরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
হামলার সময় উপস্থিত লোকজন হামলাকারীদের একজনকে চাপাতিসহ ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেন।



