Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশপ্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।

এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন।

দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে তিনি দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন। একইসঙ্গে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় খাল খনন কার্যক্রমের সূচনা করার কথাও রয়েছে তার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ পরিবারের অন্যান্য স্বজনের কবর জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নির্ধারিত কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button