
খুলনার দিঘলিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সাত সদস্যকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৫ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
আটকরা হলেন—
* মো. সিরাজ মোল্লা (৫৫)
* মো. মিজানুর ফকির (৫৫)
* তুহিন মোল্লা (২৪)
* ইমরান মোল্লা (২৩)
* আশিক মোল্লা (২০)
* নাছিম শেখ (২১)
* জনি মোল্লা (৩৭)
তারা সবাই কালিয়া থানা এলাকার বাসিন্দা।
কোস্টগার্ড জানায়, রোববার ভোর ৫টার দিকে দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় রূপসা নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায় রূপসা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা। অভিযানে একটি একনলা বন্দুক, একটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং একটি ককটেল উদ্ধার করা হয়।
এ সময় সাতজনকে আটক করা হয়, যারা ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সদস্য বলে জানিয়েছে কোস্টগার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোস্টগার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



