সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের রাজধানী রিয়াদে ইরানের সামরিক বাহিনী চারটি ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে, তবে সৌদি আরবের দাবি অনুযায়ী এগুলো আঘাত হবার আগে ধ্বংস করা হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদ মহানগরীতে ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর সৌদি আরব ক্রমাগত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকা বেছে নেওয়া হচ্ছে। হামলায় এ পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।
ইরান ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
সংঘাতের ফলে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩,১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট আঘাতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, এএফপি।



