
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ঈদের সময়ে যাদের আত্মীয়-স্বজন নেই এবং বাসায় মূল্যবান জিনিস রয়েছে, তারা চাইলে থানায় স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ সামগ্রী নিরাপদে রাখতে পারবেন বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
রোববার (১৫ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, চারটি বাস টার্মিনাল, একটি লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপত্তার জন্য ইউনিফর্ম পুলিশ ও গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করবে, এবং অতিরিক্ত ভাড়া, টিকিট কালোবাজারি ও হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঈদে রাজধানী ফাঁকা হয়ে যায়, তাই অপরাধীরা যাতে অপতৎপরতা চালাতে না পারে সে জন্য টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বোম ডিসপোজাল ইউনিট এবং মাউন্টেড পুলিশ মোতায়েন থাকবে।
তিনি নাগরিকদের সতর্ক থাকার জন্য বলেন, বাসা ছাড়ার আগে দরজা-জানালা ভালোভাবে বন্ধ করতে হবে, সিসি ক্যামেরা সচল রাখতে হবে এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে। যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার গ্রহণ না করা, নগদ অর্থ ও মূল্যবান জিনিস নিজের হেফাজতে রাখা এবং জরুরি ক্ষেত্রে ৯৯৯ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানান।
ঈদের আগে ও পরে তিনদিন বিশেষ পণ্যবাহী যান ছাড়া ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। ঢাকার প্রবেশ ও বের হওয়ার প্রধান সড়কগুলোতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হবে, যাতে নগরবাসী নিরাপদে ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে।



