খার্গ আইল্যান্ডে এবার ‘মজা করতে’ হা/ম/লা চালাবেন ট্রাম্প

ইরানের খার্গ আইল্যান্ড এ হামলা চালানোর পরিকল্পনা আবারও করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোর কাছে আবেদন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের এই হুমকির পর ইরান পাল্টা প্রতিক্রিয়া জোরদারের ঘোষণা দিয়েছে। রোববারও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যায়নি। ট্রাম্প বলেন, খার্গ দ্বীপের বেশিরভাগ অংশ ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে এবং “মজা করার জন্যও আমরা হয়তো সেখানে আরও কয়েকবার হামলা চালাতে পারি।” তিনি আরও বলেন, তেহরান যুদ্ধ শেষ করতে সমঝোতায় আগ্রহী মনে হলেও প্রস্তাবিত শর্তগুলো এখন পর্যন্ত যথেষ্ট নয়।
এর আগে ট্রাম্প শুধু খার্গ দ্বীপের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছেন। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য মিত্রদের কিছু উদ্যোগ ইতোমধ্যে প্রত্যাখ্যান করা হয়েছে।
ইরান হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহন বন্ধ করার ক্ষমতা রাখে, যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য বড় উদ্বেগের বিষয়। যুদ্ধের কারণে তেলের সরবরাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় জ্বালানির দাম দ্রুত বাড়ছে। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল গ্রহণ করে, তাদেরই এই পথের নিরাপত্তা নিশ্চিত করা উচিত, আর যুক্তরাষ্ট্র এতে সহায়তা করবে।
দুই পক্ষই দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি সম্ভব নয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলার ফলে দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এছাড়া শনিবার রাতে বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্র তার নাগরিকদের ইরাক ত্যাগ করার সতর্কবার্তা দিয়েছে।



