‘কাল মেয়ের বিয়ে’! ফসল বিক্রি করতে না পেরে হাউ হাউ করে কান্না কৃষকের

ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার নানাখেড়ি কৃষি উৎপাদন মান্ডিতে ফসল নিলামের সময় একজন কৃষক গিরিরাজ যাদব কাঁদতে কাঁদতে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেছেন, তার ফসল কিনে নেওয়ার জন্য। তিনি জানান, তার মেয়ের বিয়ে আগামীকাল, তাই তৎক্ষণিক টাকার খুব প্রয়োজন।
ঘটনার বিবরণ অনুযায়ী, গিরিরাজ সর্ষে ও ধনে ট্র্যাক্টর ভাড়া করে মান্ডিতে নিয়ে আসেন। ধনের দাম প্রতি কুইন্টালে ৫৭০০ টাকা উঠলেও মার্কেট ইনস্পেক্টর রাজকুমার শর্মা রসিদে কুইন্টাল প্রতি ৩০০ টাকা কম দেখান। গিরিরাজ এতে প্রতিবাদ করলে মান্ডিতে কথা কাটাকাটির ঘটনা ঘটে এবং হুলস্থুল পড়ে ফসল নিলাম বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, মার্কেট ইনস্পেক্টর মদ্যপান করে আসেন এবং কৃষক ও ব্যবসায়ীদের গালাগালি করেন। ফলে ব্যবসায়ীরা নিলাম বন্ধ রাখেন। ক্ষুব্ধ কৃষকরা শেষে জাতীয় সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
মান্ডির সম্পাদক আর পি সিংহ ঘটনাটি স্বীকার করেছেন এবং জানিয়েছেন, মার্কেট ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।



