Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধীদল

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আজ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে।

সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন।

তবে বিরোধী দলীয় নেতারা এ বিষয়ে আপত্তি তুলেছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই।

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার এখতিয়ার নেই। তিনি আরও বলেন, বিএনপি কেন এ বিষয়টি এগিয়ে নিচ্ছে তা বোধগম্য নয়।

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংসদে সরকারি দল বিএনপিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ এবং পুরোনো রাষ্ট্রপতিকে সরিয়ে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের উদ্যোগ নিতে হবে।

অন্যদিকে সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখার কথা জানিয়েছেন জামায়াত নেতারা। তারা বলেছেন, প্রয়োজন না হলে কোনো বিষয় আদালত পর্যন্ত নেওয়া হবে না।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত একটি দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে। সবকিছুতে বিরোধিতা নয়, আবার না বুঝে সমর্থনও দেওয়া হবে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশে দীর্ঘদিন কার্যকর সংসদের অভাব ছিল। একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল এবং বিতর্কিত নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর হয়ে পড়েছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পরিবর্তনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর সংসদে নতুন প্রাণ সঞ্চার হয়েছে।

এবারের রাজনৈতিক বাস্তবতায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে অভিজ্ঞ দল বিএনপি। অন্যদিকে প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী এবং ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।

সবার প্রত্যাশা, সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রাণবন্ত সংসদ গড়ে উঠবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন মাইলফলক স্থাপন করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button