সরকারবিরোধী আন্দোলন হলেই গু/লি, জানালো ইরান

ইরানের পুলিশ প্রধান আহমাদরেজা রাদান জানিয়েছেন, সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের আর প্রতিবাদকারী হিসেবে দেখা হবে না; তাদের ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে এবং তাদের “আঙুল ট্রিগারে রাখা আছে”।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উত্তেজনা বাড়ার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একাধিকবার ইরানের সাধারণ মানুষকে দেশটির শাসকদের বিরুদ্ধে আন্দোলনে উৎসাহ দিয়েছেন।
সম্প্রতি বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে ইরানের জনগণকে ‘আয়াতুল্লাহদের শাসন’ থেকে মুক্তির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, “ইরানবাসী, আমরা স্বাধীনতার জন্য লড়াই করছি। আয়াতুল্লাহদের অপসারণের এমন সুযোগ আর নাও আসতে পারে।” পাশাপাশি তিনি বলেন, সঠিক সময় এলে ইরানের জনগণের হাতেই দায়িত্ব তুলে দেওয়া হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ইরানে ব্যাপক বিক্ষোভ দেখা যায়। দ্রব্যমূল্য বৃদ্ধি, ইরানের মুদ্রা রিয়াল-এর অবমূল্যায়নসহ নানা অর্থনৈতিক সমস্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। সে সময় আন্দোলন দমনে সরকার কঠোর পদক্ষেপ নেয় বলে অভিযোগ ওঠে, এবং এতে শতাধিক মানুষের প্রাণহানির খবর পাওয়া যায়।



