
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় শুরু হবে। সেদিনই নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার, যাদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এছাড়া সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনসহ সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।



