Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধ

রাজধানীর আসাদ গেটে পাম্পে তেল নিতে গিয়ে অ/স্ত্র প্রদর্শন

রাজধানীর আসাদ গেট এলাকার সোনার বাংলা ফিলিং স্টেশনে ব্যক্তিগত গাড়িতে তেল নেওয়ার সময় এক সাংবাদিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটেছে। রোববার (৯ মার্চ) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

অভিযুক্ত সাংবাদিকের নাম সৈয়দ মাহমুদুল ইল্লাহ। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরে কর্মরত। পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি মীমাংসা করেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়িতে তেল নেওয়ার সময় পাম্পের এক কর্মচারীর সঙ্গে সাংবাদিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি কর্মচারীর দিকে এগিয়ে গিয়ে কোমর থেকে পিস্তল বের করেন। এতে আশপাশে থাকা লোকজন জড়ো হয়ে যান এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।

সৈয়দ মাহমুদুল ইল্লাহ বলেন, তিনি ব্যক্তিগত গাড়ির জন্য তেল নিতে ফিলিং স্টেশনে গিয়েছিলেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তাকে ১ হাজার ৫০০ টাকার তেল দিতে চাইলে তিনি গাড়ির ট্যাংক ভরে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু কর্মচারী তা অস্বীকার করলে তিনি নিজের সাংবাদিক পরিচয় দেন। এরপর বিক্রয়কর্মী তাকে গালাগালি করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার দাবি, কর্মচারী মারতে এগিয়ে এলে আত্মরক্ষার জন্য তিনি অস্ত্র বের করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী বর্তমানে ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ সীমিত রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং এসইউভি বা মাইক্রোবাসে ২০ থেকে ২৫ লিটার পর্যন্ত তেল বিক্রি করা হচ্ছে। এই কারণে সাংবাদিক গাড়ির ট্যাংক ভরে তেল নিতে চাইলে বিক্রয়কর্মী তা দিতে অস্বীকৃতি জানান। এরপরই তিনি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেন।

ঘটনার সময় উপস্থিত জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় সাংবাদিকের অস্ত্রের লাইসেন্স পরীক্ষা করে বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসা করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button