
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সালসহ ভারতে আটক দুজনের বিষয়ে এখনো বাংলাদেশকে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
সোমবার (৯ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়-এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ভারতীয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের সঙ্গে দেখা করার জন্য কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, তবে কলকাতা এখনো এ বিষয়ে কোনো তথ্য জানায়নি।
প্রতিমন্ত্রী জানান, বন্দিবিনিময় চুক্তির আওতায় আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে ভারতের কাছে পর্যাপ্ত তথ্যও চাওয়া হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে এনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, কনস্যুলার অ্যাক্সেসের আবেদন রোববার পাঠানো হয়েছে। সেটি পাওয়া গেলে পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলমান রয়েছে। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের ব্যাপারেও সরকার কাজ করছে।



