Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অপরাধবাংলাদেশ

তারাবির নামাজ শেষে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক

রাজধানীতে তারাবির নামাজ শেষে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর মহাপরিচালক মোতাহার হোসেন। ছিনতাইকারীরা তার আইফোন, মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নেয় এবং পাসওয়ার্ড আদায় করতে তাকে মারধরও করে।

ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সংলগ্ন শহীদ ফাইয়াজ চত্বরে। তারাবির নামাজ শেষে সেখানে হাঁটাহাটি করার সময় তিনজন ছিনতাইকারী চাপাতি ও সামুরাই নিয়ে তাকে ঘিরে ধরে। তারা ভয় দেখিয়ে তার একটি আইফোন-১২ প্রো ম্যাক্স, প্রায় ২০ হাজার টাকা থাকা মানিব্যাগ এবং হাতঘড়ি ছিনিয়ে নেয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ছিনতাইকারীরা আইফোনের পাসওয়ার্ড জানতে চাইলে মোতাহার হোসেনকে সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মারে। প্রাণনাশের হুমকি ও মারধরের মুখে তিনি শেষ পর্যন্ত ফোনের পাসওয়ার্ড দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন তার স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে সন্দেহভাজনদের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়েছিল। পুলিশ তাজমহল রোড এলাকায় গিয়ে তাদের ধরার চেষ্টা করলেও তারা মোটরসাইকেলে পালিয়ে যায়। বর্তমানে অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button