Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

বাংলাদেশে ভারতের ঋণ প্রকল্পের জটিলতা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার

ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন বড় প্রকল্পে সৃষ্ট জটিলতা সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি জানিয়েছেন, দুই দেশের যৌথ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সামগ্রিকভাবে উভয় পক্ষই সন্তুষ্ট। তবে যেসব বড় প্রকল্পে সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রণয় ভার্মা জানান, অর্থমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুই দেশের আর্থিক খাতে সহযোগিতা জোরদার করা, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় চলমান প্রকল্পগুলোর অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক। বড় প্রকল্পে কিছু প্রাথমিক জটিলতা থাকলেও সেগুলো সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিতে উভয় পক্ষ সন্তুষ্ট বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, করব্যবস্থার সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ভারতের ডিজিটাল পাবলিক অবকাঠামোর অভিজ্ঞতার কথাও অর্থমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান প্রণয় ভার্মা। প্রযুক্তির মাধ্যমে কীভাবে আর্থিক অন্তর্ভুক্তি এবং অর্থনৈতিক অংশগ্রহণ আরও বিস্তৃত করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি দুই দেশের উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্য প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। সমুদ্র, স্থল ও আকাশপথে বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সহজ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যবসা সহজীকরণের জন্য বিভিন্ন প্রক্রিয়া আরও সরল করা গেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়বে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ার পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিও বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে দুই দেশের অর্থনীতিকে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়েও ভবিষ্যতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের উন্নয়ন অগ্রাধিকার, নতুন ধারণা, প্রযুক্তি এবং জনগণকেন্দ্রিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।

উল্লেখ্য, প্রায় আট দিন পর রোববার সচিবালয়ে দাফতরিক কাজে যোগ দেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে ঠান্ডাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে তিনি ঢাকায় ফিরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। কয়েকদিন চিকিৎসা নেওয়ার পর তিনি পুনরায় কাজে যোগ দেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button