
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে মামলা দায়েরের আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম এ আবেদনটি করেন।
মামলাটি করা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষ থেকে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে আবেদনটি জমা দেওয়া হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম জানান, এ বিষয়ে আজই শুনানি হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে মির্জা আব্বাস এবং নাসীরুদ্দীন পাটওয়ারী একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন। ওই নির্বাচনে মির্জা আব্বাস অল্প ব্যবধানে বিজয়ী হন। তবে ফলাফল ঘোষণার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছিলেন। সেই রাজনৈতিক বিরোধের জের ধরেই এবার আদালতে মানহানির অভিযোগ আনা হয়েছে।



