
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে বিভিন্ন আরব দেশের ভূখণ্ডে ইরানের হামলার ঘটনা নিয়ে আলোচনায় বসছে আরব লীগ। সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা রোববার (৮ মার্চ) জরুরি বৈঠক করবেন।
সংস্থাটির সহকারী মহাসচিব হোসাম জাকি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
হোসাম জাকি জানান, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর এই জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলেছিল। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
পরদিন, ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে। একই সময়ে ইসরাইলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে ইরানে সামরিক অভিযান চালায়।
হামলার জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, এই যুদ্ধে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া।



