পাকিস্তানের সঙ্গে জরুরি বৈঠকের পরেই ইরানকে হুঁশিয়ারি সৌদির

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানকে ‘ভুল হিসাব’ না করার সতর্কবার্তা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। শনিবার (৭ মার্চ) তিনি এই বার্তা দিয়েছেন। খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
শনিবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেনাদের অবস্থান থাকা একটি বিমান ঘাঁটিতে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। এছাড়া একটি বড় তেলক্ষেত্রকেও ড্রোন হামলা থেকে রক্ষা করা হয়েছে।
এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলার পর পুরো অঞ্চলে যুদ্ধের পরিস্থিতি জোরদার হয়। এরপর থেকে উপসাগরীয় এলাকায় ইরান বিভিন্ন হামলা চালাচ্ছে।
বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুবা তেল শোধনাগারে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে প্রিন্স খালিদ জানিয়েছেন, তারা সৌদিতে ইরানি হামলা এবং তা প্রতিহত করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, “আমরা জোর দিয়ে বলেছি, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। আশা করি ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং কোনো ভুল হিসাব করা থেকে বিরত থাকবে।”
এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ জানিয়েছে, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে লক্ষ্য করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। একই ঘাঁটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলাও প্রতিহত করা হয়েছে।
সরকারি সংবাদ সংস্থা জানায়, আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেলক্ষেত্রে একের পর এক ড্রোন হামলা চালানো হয়েছিল, যেগুলোও ধ্বংস করা হয়েছে। এছাড়া রিয়াদের পূর্ব দিকে পৃথক আরেকটি ড্রোন হামলার চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।



