
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের ফাইল অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা মামলাগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবেই নতুন করে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
এর আগে সোমবার তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দায়ের হওয়া বিভিন্ন মামলাও পুনরায় যাচাই-বাছাই করা হবে। নিরীহ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং আইনের শাসন নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরদিনই মন্ত্রণালয়ের অধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে মন্ত্রী বলেন, ৫ আগস্টের পর কিছু সুবিধাবাদী ব্যক্তি ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে মামলা করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব মামলা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে কেউ অন্যায়ভাবে ভোগান্তিতে না পড়েন।



