হ/ত্যা/র হুমকি পাচ্ছি, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে দেওয়া বক্তব্য আমার নয়: তনি

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো স্মারকলিপি গণমাধ্যমে পাঠ করার ঘটনায় নতুন ব্যাখ্যা দিয়েছেন সচেতন নাগরিক সমাজ (সিসিএস)-এর সদস্যসচিব রোবাইয়াত ফাতিমা তনি।
তিনি জানান, সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল ব্যক্তিগত কারণে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে না পারায় তার অনুরোধে এবং স্বাক্ষরিত লিখিত স্মারকলিপি অনুযায়ী তিনি সেটি পাঠ করেন। স্মারকলিপির রচয়িতা তিনি নন এবং ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি বলেও উল্লেখ করেন।
তনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের পর থেকে তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর ঘটনা ঘটছে। অনলাইন বুলিং, ট্রলিং ও মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত নিরাপত্তা ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি জানান, হুমকিদাতাদের বিরুদ্ধে থানায় জিডি ও ফৌজদারি মামলা করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রচারকারীদের বিরুদ্ধেও সাইবার আইনসহ সংশ্লিষ্ট ধারায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রোবাইয়াত ফাতিমা তনি বলেন, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকতে পারে, তবে প্রাণনাশের হুমকি বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।



