
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পুলিশের শীর্ষ পদে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী নেতৃত্বে অনুষ্ঠিত সভার পরে সাংবাদিকদের তিনি জানান, “পুলিশের টপ লেভেলে কিছু পরিবর্তন আসবেই।”
মন্ত্রী চাঁদা দাবিকে কেন্দ্র করে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার বিষয়ে জানান, তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংসদ অধিবেশনের প্রসঙ্গেও তিনি বলেন, অধিবেশন আহ্বান করার জন্য কমপক্ষে ১৫ দিন আগে প্রজ্ঞাপন প্রয়োজন। জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রজ্ঞাপন প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে, রাষ্ট্রপতি অনুমোদন দিয়ে সংসদ অধিবেশন আহ্বান করবেন। মার্চের ১২ তারিখে সংসদ অধিবেশন আহ্বান করার পরিকল্পনা আছে। তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।



