
মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকারের ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য—দুধ, ডিম, মাংস ও মাছ—সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ১০ লাখের বেশি পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাজারদর নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ সকালে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব। রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়ালে নিম্ন আয়ের মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হন উল্লেখ করে তিনি বলেন, সরকারের এই উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে কর্মসূচিটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার অবদানের কথাও তুলে ধরেন।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



