
ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে বেশি সময় নেওয়া হবে না এবং ঈদের আগেই তফসিল ঘোষণা করা হবে।
কোন দল কতটি সংরক্ষিত আসন পেতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে একটি আসন পেতে হলে কোনো দলকে সাধারণ নির্বাচনে অন্তত ছয়টি সংসদীয় আসনে জয়ী হতে হবে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসনে জয়ী হয়েছে। দুটি আসনের ফলাফল এখনও আইনি জটিলতার কারণে ঘোষণা করা হয়নি।
সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলোর মধ্যে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়ে থাকে।



