প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন চীনের প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বাংলাদেশে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনের দূতাবাস তাদের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করে।
অভিনন্দনবার্তায় লি কিয়াং উল্লেখ করেন, চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ প্রতিবেশী এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫১ বছরে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও পারস্পরিক লাভজনক সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক উন্নত হয়েছে, যা রাষ্ট্রগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ বিনিময়ের একটি উৎকৃষ্ট উদাহরণ।
তিনি বলেন, চীন সরকার বাংলাদেশের নতুন সরকারের কার্যক্রম নির্বিঘ্নভাবে পরিচালনার প্রতি সমর্থন জানায় এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করে। পাশাপাশি দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব আরও জোরদার করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিময় বাড়ানোর মাধ্যমে চীন–বাংলাদেশ সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানান।
লি কিয়াং আরও বলেন, এর মাধ্যমে দুই দেশের জনগণের জন্য আরও বেশি সুফল বয়ে আনা সম্ভব হবে, যা উভয় দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ।



