বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের মাধ্যমে গঠিত হয়েছে নতুন সরকার। তারেক রহমান-এর নেতৃত্বে তৈরি হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। এর আগে নতুন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গঠিত হয়েছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা সকাল ১০টায় শপথ নেন। পরে বিকেলে নতুন সরকারের মন্ত্রিরা শপথ গ্রহণ করেন।
নতুন সরকার গঠনের পর আগামীকাল বুধবার সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। মন্ত্রিপরিষদ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে ফিরে দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। সেখানে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণের পর বিকাল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। তবে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে, বৈঠকের কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। বৈঠক শেষে বিকেল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।



