Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশদুর্ঘটনা

ওমরাহ শেষে ফেরার পথে সৌদিতে প্রাণ গেল একই পরিবারের ৪ জনসহ ৫ বাংলাদেশির

ওমরাহ হজ পালন শেষে সৌদি আরবে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন সৌদি প্রবাসী মিজানুর রহমান মিজান (৪০), তার স্ত্রী ফারজানা আক্তার সুমি (৩০), তাদের স্কুলপড়ুয়া মেয়ে মেহের আফরোজ (১৩) ও দেড় বছরের কন্যা সুবহা আক্তার। একই দুর্ঘটনায় গাড়িচালক জিলানী বাবর (৩০) প্রাণ হারান। সবার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিজানের বাবা শহীদ উল্যাহ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। দুর্ঘটনায় মিজানের মেজো মেয়ে ফাইজা আক্তার (১১) গুরুতর আহত হয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, মিজানুর রহমান রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নলচরা গ্রামের বাসিন্দা। তার মেয়ে মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত চালক জিলানী বাবর একই উপজেলার বিষ্ণপুর গ্রামের বাসিন্দা।

মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, গত ৩ ফেব্রুয়ারি মিজান স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরাহ শেষে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেদ্দা থেকে বাসায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময় রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে তিনি জানান।

নিহতের স্বজনদের মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button