
বিএনপি বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের বলেন, জাতীয় সংসদ সদস্য ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট রয়েছে নির্বাচন কমিশনের কাছে। স্পিকার ও ডেপুটি স্পিকার না থাকায় সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। তাই আগামীকাল সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন সিইসি।
সংস্কার পরিষদের শপথ বিষয়ে তিনি বলেন, বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার নেই সিইসির। যদি সংবিধানে এটি যুক্ত করা হয়, সংবিধান সংশোধিত হয় এবং শপথ পাঠের দায়িত্ব নির্ধারিত হয়, তখনই সংবিধান সংস্কার পরিষদের শপথ কার্যকর হবে।
আরেক স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের সব বিভাগে চ্যালেঞ্জ আছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ব্যবস্থা ভেঙে গেছে। তিনি আরও জানান, মন্ত্রীদের মধ্যে কে কোন পদে থাকবেন তা এখনো জানা যায়নি।



