
সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনের আগে বিভিন্ন বক্তব্য ও প্রচারণার মাধ্যমে আলোচনায় এলেও শেষ পর্যন্ত জয় পাননি তিনি।
তবে ফলাফল ঘোষণার পর ওই আসনের ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন নাসীরুদ্দীন। পাশাপাশি একই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা আব্বাস-কে শপথ না পড়ানোর আবেদনও জানিয়েছেন তিনি।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, “আমাদের লড়াই আগের চেয়ে আরও শক্তিশালী হবে।”
পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ব্যাপক সাড়া পড়ে। প্রায় ২ লাখ ২০ হাজার প্রতিক্রিয়া, ১০ হাজারের বেশি মন্তব্য এবং হাজারের বেশি শেয়ার হয় স্ট্যাটাসটিতে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ এবং সামাজিক মাধ্যমে সক্রিয় অবস্থান—দুই দিক থেকেই নিজের রাজনৈতিক অবস্থান জোরালো করার চেষ্টা করছেন এনসিপির এই নেতা।



