
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় ইতিবাচক ধারার রাজনীতি পুনঃস্থাপনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক করবেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এর বাসায় যাবেন। এরপর রাত ৮টায় তিনি বাড্ডায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এর বাসায় পৌঁছাবেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশের ইতিবাচক ধারার রাজনীতি রোববার থেকে শুরু হচ্ছে।
এর আগে শনিবার রাজধানীর একটি হোটেলে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তারেক রহমান জাতীয় ঐক্য ও সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হবে এবং দেশের স্বার্থ সবার আগে দেখা হবে।
নির্বাচনের ফলাফলে বিএনপি দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। ৩০০টি আসনের মধ্যে ২৯৭ আসনে ফল ঘোষণা হয়েছে; যেখানে বিএনপি জয় পেয়েছে ২০৯ আসনে। বিজয়ী অন্যান্য শরিকরা পেয়েছে তিনটি আসন, জামায়াতে ইসলামী ৬৮টি আসন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য অংশীদাররা ৯টি আসন অর্জন করেছে।



