
কোনো অপশক্তির কাছে মাথা নত না করার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ন্যায় ও সত্যের পথে থেকে তারা অটল থাকবেন এবং কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করবেন না। যেখানে অন্যায় আঘাত আসবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম Facebook-এ নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি সহকর্মীদের উদ্দেশে সালাম জানিয়ে নির্বাচন-পরবর্তী পরিস্থিতির খোঁজখবর নেন। দেশের বিভিন্ন স্থান থেকে একটি বিশেষ দলের কিছু উশৃঙ্খল কর্মীর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ১১ দলের প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে নারীদের শ্লীলতাহানির মতো ঘটনার অভিযোগ আসছে বলেও উল্লেখ করেন।
এ ধরনের হামলা ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সাধারণ মানুষের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি মানবতা, মহান আল্লাহর প্রতি ভালোবাসা এবং দেশপ্রেমের দাবি। এ লক্ষ্য পূরণে তারা দৃঢ়প্রতিজ্ঞ এবং কোনো দুর্বলতার সুযোগ নেই বলেও মন্তব্য করেন। শেষে মহান আল্লাহর সহায়তা কামনা করেন তিনি।



