Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

ভোট জালিয়াতির অভিযোগ করলেন বিএনপি প্রার্থী তুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের ফলাফল নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এ আসনে ব্যাপক অনিয়ম, ভোট জালিয়াতি এবং প্রশাসনের অসহযোগিতা হয়েছে। একই সঙ্গে ঘোষিত ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচন আয়োজনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তুলি অভিযোগ করেন, ভোটের দিন সকাল থেকেই তার নির্বাচনি এলাকায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয় এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ১৫ বছর পর সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাইলেও প্রশাসনের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকার কারণে তা সম্ভব হয়নি।

তিনি আরও দাবি করেন, অনেক কেন্দ্রে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং ফলাফল ঘোষণার আগেই খালি রেজাল্ট শিটে স্বাক্ষর নিতে বাধ্য করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে গভীর রাতে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে আর্থিক লেনদেন ও ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগও তোলেন তিনি, যার ভিডিও প্রমাণ রয়েছে বলেও জানান।

এছাড়া, ফলাফল প্রকাশে উদ্দেশ্যমূলক বিলম্ব এবং কিছু কেন্দ্রের ফলাফল সরাসরি নির্বাচন কমিশনে পাঠানোর অভিযোগ তুলে তিনি এটিকে নির্বাচনি বিধিমালার চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। সেগুলো হলো— নির্বাচনের সব অনিয়মের নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত, ঢাকা-১৪ আসনের ঘোষিত ফলাফল স্থগিত করা, অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বিতর্কিত কেন্দ্রগুলোর ফলাফল বাতিল করা এবং স্বচ্ছ ও নিরপেক্ষ পরিবেশে পুনরায় নির্বাচন আয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button