Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

‘আমি কোথাও যাচ্ছি না, আমার শেকড় এই মাটিতে, আমার কাজও এখানে’

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা নির্বাচন শেষে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি দেশ ছাড়ছেন না। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে তিনি হয়তো যুক্তরাজ্যে ফিরে যাবেন, কিন্তু তার শেকড় এই দেশেই এবং তার কাজও এখানেই।

ঢাকা-৯ আসনে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে হাবিবুর রশীদ হাবিব ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। পোস্টে তাসনিম জারা বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান এবং জানান যে, তিনি ব্যক্তিগতভাবে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কেও অভিনন্দন জানান।

নিজের নির্বাচনি প্রচারণা নিয়ে তিনি বলেন, এটি ছিল পরিচ্ছন্ন রাজনীতির একটি প্রচেষ্টা। বিশেষ করে নারীদের উল্লেখযোগ্য অংশগ্রহণকে তিনি বড় অর্জন হিসেবে দেখছেন। তার ভাষায়, সিদ্ধান্ত গ্রহণের টেবিলে নারীদের উপস্থিতি আলোচনার মান বদলে দেয়, তাই তরুণীদের রাজনীতিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

ভলান্টিয়ারদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, সাধারণ নাগরিকদের রাজনৈতিক সম্পৃক্ততা একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। যদিও নির্বাচনে জয় আসেনি, তবুও মানুষের হৃদয় জয় করাকে তিনি বড় সাফল্য হিসেবে দেখছেন।

তাসনিম জারা আরও বলেন, ৪৪ হাজারের বেশি ভোট একটি শক্ত ভিত্তি তৈরি করেছে। তবে পরিচ্ছন্ন রাজনীতি টিকিয়ে রাখতে শক্ত সংগঠন গড়ে তোলার প্রয়োজন রয়েছে। প্রতিটি বুথে সাহসী পোলিং এজেন্ট ও সচেতন নাগরিকদের উপস্থিতির গুরুত্বও তুলে ধরেন তিনি।

পোস্টের শেষদিকে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবদান রাখা ব্যক্তিদের ধন্যবাদ জানান, বিশেষ করে মুহাম্মদ ইউনূস ও তার টিম এবং নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সবশেষে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাদের সেরা সময় এখনো সামনে, এবং ঢাকা-৯ ও বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ তারা চালিয়ে যাবেন।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button