
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে ভোট দিতে এসে ভাই হত্যার বিচার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠির নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে যান তিনি। কেন্দ্র এলাকায় তার হাতে ওসমান হাদির ছবিসহ একটি প্ল্যাকার্ড দেখা যায়। সেখানে লেখা ছিল, “আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার চাই।”
ভোটকেন্দ্রে প্রবেশের আগে ও পরে তিনি প্ল্যাকার্ডটি প্রদর্শন করলে উপস্থিত ভোটার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে।
মাসুমা হাদি বলেন, তার ভাই হত্যার ঘটনার এখনো বিচার হয়নি। তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তার ভাষায়, বহু প্রাণহানির পর দেশে যে নির্বাচনী প্রক্রিয়া এসেছে, সেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরি।
তিনি আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাও সাংবিধানিক অধিকার। তার মতে, যে সরকারই ক্ষমতায় আসুক, হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা উচিত।
ঘটনাটি কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনার জন্ম দিলেও সামগ্রিক পরিস্থিতি শান্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিবেশ স্বাভাবিক রাখেন এবং ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত থাকে।



