Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশনির্বাচন

হুইলচেয়ারে চেপে ভোট দিলেন ৮০ বছরের আবদুল্লাহ

ভোটের অধিকার প্রয়োগের আনন্দ বয়স বা শারীরিক অক্ষমতায় থেমে থাকে না—তার জীবন্ত উদাহরণ হয়ে উঠলেন ৮০ বছর বয়সি মো. আবদুল্লাহ।

দীর্ঘ ১৭ বছর ভোট দিতে না পারার আক্ষেপ বুকে নিয়ে এই বৃদ্ধ এবার হুইলচেয়ারে ভর করে ভোটকেন্দ্রে হাজির হন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের সহায়তায় চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

আবদুল্লাহ চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের কিল্লার আন্দর গ্রামের বাসিন্দা এবং চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া–সাতকানিয়া আংশিক) আসনের ভোটার। বহু বছর পায়ে ভর দিয়ে হাঁটতে পারেন না; চলাফেরার একমাত্র ভরসা হুইলচেয়ার, তাও পরিবারের সহায়তায়। ভোট শেষে তার মুখে ছিল তৃপ্তির হাসি।

আবদুল্লাহ বলেন, “অনেক বছর পর এমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। যোগ্য প্রার্থীর পক্ষে রায় দিয়েছি। অসুস্থতার কারণে হুইলচেয়ারে আসতে হয়েছে। আশা করি যিনি নির্বাচিত হবেন, তিনি আমাদের দাবিগুলো পূরণ করবেন।”

চট্টগ্রাম–১৫ আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের নাজমুল মোস্তফা আমিন, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের শাহজাহান চৌধুরী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের শরীফুল আলম চৌধুরী। ভোটারদের ধারণা, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আসনটিতে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে ১৫৭টি ভোটকেন্দ্র রয়েছে, যার সবকটিই সিসিটিভি নজরদারির আওতায়।

আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নবী হোছাইন জানান, কেন্দ্রটি আসনের বড় কেন্দ্রগুলোর একটি। সকাল সাড়ে ৭টায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। এখানে ১০টি বুথে মোট ৫ হাজার ৬৪৪ ভোটার ভোট দেবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button