
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২ মিনিটে ইটনার ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। এর আগে সকাল ৭টা ৪৫ মিনিটে কেন্দ্রে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী উম্মে কুলসুম রেখা এবং ছেলে ব্যারিস্টার অভিক চৌধুরী।
ডুইয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি বীরকুল, করনশী (২ নম্বর ওয়ার্ডের অংশ), করনশী নুরপুর (১ নম্বর ওয়ার্ডের অংশ), ডুইয়ারপাড় ও ভয়রা এলাকার অন্তর্ভুক্ত। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৪৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৩৪৩ জন এবং নারী ভোটার ২ হাজার ১৪৭ জন।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনতা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মাসুদ মিয়া। যে বুথে ফজলুর রহমান ভোট দেন, সেখানে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে রয়েছেন আফরোজা সুলতানা এবং পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্বে আছেন নেকলেছ আক্তার ও আকলিমা আক্তার।
ভোট প্রদান শেষে ফজলুর রহমান বলেন, দেশের জনগণ কখনোই রাজাকার ও আলবদরের দোসরদের ক্ষমতায় দেখতে চায় না। মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ প্রত্যাখ্যান করবে বলেও তিনি মন্তব্য করেন। তার মতে, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে রাজাকার-আলবদরের রাজনীতি চলতে পারে না; গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়াই আজকের সময়ের প্রধান দায়িত্ব।



