
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভোটারদের মধ্যে নগদ টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। বুধবার বিকেলে উপজেলার জোড়খালী ইউনিয়নের গোলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন জহুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম ও মেহেদী হাসান। তাদের বাড়ি মেলান্দহ উপজেলার ছাবিলাপুর গ্রামে। প্রশাসনের দাবি, তারা জামালপুর-৩ আসনের ‘কাঁপ-পিরিচ’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে টাকা বিতরণ করছিলেন। তাদের কাছ থেকে ওই প্রার্থীর প্রচারপত্রও উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টাকা বিতরণের বিষয়টি নজরে এলে তারা ধাওয়া করে তিনজনকে আটক করেন, তবে আরও কয়েকজন পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আটক ব্যক্তিদের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা ও প্রচারপত্র জব্দ করেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। পরে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও কারাদণ্ডের আদেশ দেন।



