
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়জুল করীম বলেছেন, জামায়াতের ভোটাররা তাকে ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার সুযোগ দেখছেন না। বুধবার বরিশাল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত নির্বাচন-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি দাবি করেন, আদর্শিক ও কৌশলগত কারণে সংশ্লিষ্ট আসনে জামায়াতের ভোটারদের সমর্থন তার পক্ষেই থাকবে। এছাড়া বরিশাল-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তাকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফয়জুল করীম বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং একটি বড় শঙ্কার বিষয়। কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কেউ শঙ্কামুক্ত নন। এ ধরনের পরিস্থিতি এড়াতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রসঙ্গে তিনি বলেন, অতীতে তারা বরিশালে কী করেছেন, তা ভোটারদের জানা আছে এবং নতুন করে তাদের ভোট দেওয়ার যৌক্তিকতা নেই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বরিশালের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



