Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশসরকার

যাত্রা শুরু করলো ‘শুভেচ্ছা’ অ্যাপ ও ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম

প্রবাসীদের সঙ্গে যোগাযোগ আরও শক্তিশালী করা, দেশে বিনিয়োগের সুযোগ তৈরি ও নাগরিক সেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি যাতায়াতে স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম কমাতে চালু হয়েছে কেন্দ্রীয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম ‘দ্রুত টিকিট’।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে প্ল্যাটফর্ম দুটির বিস্তারিত উপস্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, ‘শুভেচ্ছা’ অ্যাপের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা শতাধিক সরকারি ও নাগরিক সেবা সহজে গ্রহণ করতে পারবেন। অন্যদিকে ‘দ্রুত টিকিট’ প্ল্যাটফর্ম বাস, রেল ও বিমান টিকিট ক্রয়ে স্বচ্ছতা আনবে। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় টিকিট সংকট, ভোগান্তি ও অনিয়ম কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্ল্যাটফর্ম দুটি চালু হওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নাগরিকরা যেন নির্বিঘ্নে সরকারি সেবা পেতে পারেন, সেটিই সরকারের প্রধান লক্ষ্য। তিনি এটিকে একটি সূচনা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে উদ্যোগগুলোকে আরও সম্প্রসারিত করে বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচিত সরকারও এই কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button