বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে: পাকিস্তান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর আসন্ন নিলামে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইটরাইডার্স। কিন্তু ভারতের কিছু উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিলে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
মোস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভারতের নিরাপত্তা ব্যবস্থার প্রতি প্রশ্ন উঠেছে। এ কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)ও নিরাপত্তা শঙ্কার জন্য ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে রাজি হয়নি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশকে বোঝানোর চেষ্টা করলেও বাংলাদেশ দল পাকিস্তান বা শ্রীলংকা যাওয়ার জন্য চাপ দিয়েছে। কিন্তু আইসিসি তাদের দাবি নাকচ করে দিয়ে বিশ্বকাপ থেকে টাইগারদের বাদ দেয়।
বাংলাদেশের অনুপস্থিতি প্রতিবেশী দেশ পাকিস্তানের নজরে এসেছে। পাকিস্তান ঘোষণা করেছে, বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না। এতে আইসিসি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
পাকিস্তান অধিনায়ক আগা সালমান বাংলাদেশ দলের অনুপস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।”



