Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালসহ ৬ ম্যাচ অনিশ্চিত

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হতে আর হাতে গোনা কয়েক দিন। মাঠে নামার আগে যখন দলগুলো প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক তখনই মাঠের বাইরের এক শঙ্কা আলোচনার কেন্দ্রে, ভারতের পশ্চিমবঙ্গে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব। এর প্রভাবে কলকাতায় নির্ধারিত সেমিফাইনালসহ বিশ্বকাপের ছয়টি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া এই বৈশ্বিক আসর ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে বসছে। ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা যখন তুঙ্গে, তখনই পশ্চিমবঙ্গের বারাসাতে দুই নার্সের নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে বিশ্ব ক্রিকেটে ছড়িয়ে পড়ে অনিশ্চয়তা। বিশেষ করে ইডেন গার্ডেনসে ম্যাচ খেলতে যাওয়া নিয়ে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দল।

তবে পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের দাবি, পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রয়েছে এবং এটি একটি সীমিত এলাকাভিত্তিক প্রাদুর্ভাব। বিসিসিআইও জানিয়েছে, বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো ধরনের সংশয় নেই। এ পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ভারত ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি।

ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিপাহ ভাইরাস নিয়ে যে তথ্য ছড়াচ্ছে, তার বড় একটি অংশই অতিরঞ্জিত ও ভীতি ছড়ানোর উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। আক্রান্তরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

এদিকে ইডেন গার্ডেনস থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রোগী শনাক্ত হলেও ম্যাচের সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই আয়োজকদের। সঠিক স্বাস্থ্যবিধি মেনেই প্রতিটি ম্যাচ আয়োজন করা হবে, এমন বিশ্বাস থেকেই প্রস্তুত চলছে বিশ্বকাপের অন্যতম প্রধান ভেন্যু।

সব মিলিয়ে আতঙ্ক নয়, সতর্কতাকেই গুরুত্ব দিয়ে ক্রিকেট উৎসব আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ‘সিটি অব জয়’ কলকাতা।

উল্লেখ্য, এখনও চূড়ান্ত হয়নি পাকিস্তানের বিশ্বকাপ সফর। দলটির অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী সোমবার।

সংশ্লিষ্ট খবর

Back to top button