Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

ভূটানকে এক ডজন গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

মামনি চাকমার চোখধাঁধানো ‘অলিম্পিক গোলেই’ ম্যাচের সুর বেঁধে যায়। এরপর ভুটানের জালে একের পর এক গোল, মুড়িমুড়কির মতো। মুনকি আক্তার, তৃষ্ণা রানী ও আলপি আক্তারের হ্যাটট্রিকে বড় জয় দিয়ে সাফ উইমেন’স অনূর্ধ্ব–১৯ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ।

নেপালের পোখারায় শনিবার রাউন্ড রবিন লিগের ম্যাচে ভুটানকে ১২–০ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের মেয়েরা। জয়ের নায়ক মুনকি, একাই করেন চার গোল। তৃষ্ণা রানী ও আলপি আক্তার করেন তিনটি করে। মামনি চাকমা ও অধিনায়ক অর্পিতা বিশ্বাস গোলের তালিকায় নাম লেখান একবার করে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথম দিকে আক্রমণগুলো ধারালো হচ্ছিল না। ২৫ মিনিটে সেই অপেক্ষার অবসান। আলপির শট ডিফেন্ডারে লেগে কর্নার হলে, সেখান থেকেই দৃষ্টিনন্দন বাঁকানো শটে সরাসরি জাল খুঁজে নেন মামনি, অলিম্পিক গোল।

৪৩ মিনিটে সুরভি আকন্দ প্রীতির আড়াআড়ি ক্রসে মামনি ঠিকমতো শট নিতে না পারলেও বল পেয়ে যান তৃষ্ণা। ফাঁকা পোস্টে ঠেলে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। রেশ কাটতে না কাটতেই পুজা দাসের ফ্লিক থেকে মুনকি গোল করে স্কোরলাইন বাড়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে পুজার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে পায়ের কারিকুরিতে জায়গা করে বাম পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন মুনকি, বিরতিতে বাংলাদেশ এগিয়ে ৪–০।

দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ায় বাংলাদেশ। ৫৪ মিনিটে ডান পায়ের কোনাকুনি শটে তৃষ্ণা লক্ষ্যভেদ করেন। ছয় মিনিট পর গোলকিপারের ভুল কাজে লাগিয়ে বক্সের বাইরে থেকে চিপ শটে হ্যাটট্রিক পূরণ করেন তিনি।

৭০ মিনিটে গোলরক্ষক ইয়ারজান বেগম দ্রুত বেরিয়ে ভুটানের আক্রমণ নস্যাৎ করেন। দুই মিনিট পর ডিফেন্ডারের ভুলে সুযোগ পেয়ে আলপি বাম পায়ের কোনাকুনি শটে ব্যবধান বাড়ান। ৮০ মিনিটে থ্রু পাস ধরে একক প্রচেষ্টায় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মুনকি।

এরপরও থামে না গোলবৃষ্টি। ৮৬ মিনিটে জয়নব বিবি রিতার ক্রসে আলপি প্লেসিং শটে গোল করেন। যোগ করা সময়ে মুনকি নিজের চতুর্থ গোলটি করেন, অধিনায়ক অর্পিতা বিশ্বাসও গোলের খাতায় নাম লেখান। শেষ মুহূর্তে হ্যাটট্রিক পূরণ করে ম্যাচে ইতি টানেন আলপি।

রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button