নির্বাচিত হলে ৫ বছর বিনা পয়সায় সেবা করব: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এক পথসভায় ভোটারদের উদ্দেশে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে আয়োজিত এক সভায় তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং নিঃস্বার্থ সেবার অঙ্গীকার ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ তার বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জোর দিয়েছেন। নির্বাচিত হলে পরবর্তী পাঁচ বছর কোনো প্রকার আর্থিক সুবিধা ছাড়াই জনগণের সেবা করার শপথ নিয়েছেন তিনি।
তিনি নিজে দুর্নীতি করবেন না এবং তার বলয়ের কাউকে দুর্নীতি বা টেন্ডারবাজির সুযোগ দেবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। সরকারি সকল বরাদ্দ কোনো বৈষম্য ছাড়াই সাধারণ মানুষের মধ্যে যথাযথভাবে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
হাসনাত আবদুল্লাহ পূর্ববর্তী জনপ্রতিনিধিদের কড়া সমালোচনা করে বলেন, “অতীতে যাদের সংসদে পাঠানো হয়েছে, তারা কেবল নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি আর ব্যাংক লুট করে দেশের টাকা বিদেশে পাচার করাই ছিল তাদের লক্ষ্য।” তিনি ভোটারদের সতর্ক করে বলেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বধারীদের বর্জন করার সময় এসেছে।
পথসভা শেষে তিনি রাজামেহার ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। এ সময় জামায়াত ও এনসিপির স্থানীয় নেতা-কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।



