বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার; আসছে রজনীকান্তের বায়োগ্রাফি

তামিল সিনেমার পর্দায় যিনি শুধুই একজন তারকা নন, বরং একটি আবেগ, সেই রজনীকান্তের জীবনকথা এবার রূপ নিচ্ছে সিনেমায়। দক্ষিণী এই সুপারস্টারের বর্ণাঢ্য জীবন নিয়ে নির্মিত হচ্ছে একটি নতুন বায়োগ্রাফিক চলচ্চিত্র, যার পরিচালনার দায়িত্বে থাকছেন তাঁরই কন্যা সৌন্দর্য রজনীকান্ত।
নিজের আসন্ন রোমান্টিক কমেডি চলচ্চিত্র ‘উইথ লাভ’-এর প্রচারণায় এই তথ্য প্রকাশ করেন সৌন্দর্য। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় পাঁচ দশকের দীর্ঘ অভিনয়জীবনে রজনীকান্ত অভিনয় করেছেন ১৭০টিরও বেশি সিনেমায়। এই সময়ে তিনি শুধু দক্ষিণী সিনেমা নয়, পুরো ভারতীয় চলচ্চিত্র ইতিহাসেই সবচেয়ে সফল ও প্রভাবশালী অভিনেতাদের একজন হিসেবে নিজের অবস্থান তৈরি করেছেন।
তামিল সিনেমা দিয়ে যাত্রা শুরু হলেও তাঁর অভিনয়ের পরিসর থেমে থাকেনি এক ভাষা বা এক ইন্ডাস্ট্রিতে। হিন্দি, তেলেগু, কন্নড়, বাংলা, বিভিন্ন ভাষার সিনেমায় কাজ করার পাশাপাশি ১৯৮৮ সালে হলিউডের চলচ্চিত্র ‘ব্লাডস্টোন’-এ অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতিও পান তিনি। ভক্তদের কাছে তিনি কখনো ‘সিভাজি’, কখনো বা স্নেহভরে ‘আন্না’, একটি নাম নয়, যেন একটি প্রজন্মের অনুভূতি।
এই বায়োগ্রাফিক সিনেমায় তুলে ধরা হবে ব্যাঙ্গালুরুর এক সাধারণ বাস কন্ডাক্টর থেকে ‘থালাইভা’ হয়ে ওঠার অসাধারণ যাত্রা। পাশাপাশি, রজনীকান্তের অভিনীত প্রতিটি আইকনিক চরিত্রের পেছনের গল্পও থাকবে ছবির গুরুত্বপূর্ণ অংশ।
সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই জীবনীভিত্তিক চলচ্চিত্রের গল্প লিখছেন রজনীকান্ত নিজেই। তাঁর সংগ্রাম, আত্মবিশ্বাস আর সাফল্যের পথচলা পর্দায় উঠে এলে তা দর্শকদের অনুপ্রাণিত করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।



