Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

পাকিস্তানের উচিত বিশ্বকাপ বয়কট করা: খালিদ মাহমুদ

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নাটকীয়তা যেন শেষই হচ্ছে না। আগামী ৭ ফেব্রুয়ারি ভারতে পর্দা ওঠার কথা থাকলেও টুর্নামেন্ট শুরুর মাত্র দশদিন আগে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল পাকিস্তান শেষ পর্যন্ত ভারতে যাবে কি না, তা নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। গতকাল (২৬ জানুয়ারি) পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে এ বিষয়ে জরুরি আলোচনা করেছেন। জানা গেছে, আগামী শুক্রবার থেকে সোমবারের মধ্যেই পাকিস্তান সরকার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

টুর্নামেন্ট ঘিরে বড় ধাক্কাটি এসেছে যখন নিরাপত্তা সংকটের অজুহাতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। বাংলাদেশের পরিবর্তে এখন স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই পিসিবির সাবেক চেয়ারম্যান খালিদ মাহমুদ পাকিস্তানকে টুর্নামেন্ট বয়কট করার পরামর্শ দিয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক বিবৃতিতে খালিদ মাহমুদ বেশ কিছু গুরুতর প্রশ্ন তুলেছেন যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে, সেখানে দল পাঠানো কোনোভাবেই সমীচীন নয়। তিনি ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর হামলার উদাহরণ টেনে বলেন, তখন বিশ্ব ক্রিকেট পাকিস্তানের পাশে দাঁড়ায়নি।

তার মতে, আইসিসি এখন পুরোপুরি ভারতীয় নিয়ন্ত্রণে। চেয়ারম্যান জয় শাহ থেকে শুরু করে শীর্ষ পদগুলোতে ভারতীয়দের দাপট থাকায় নিরপেক্ষ সিদ্ধান্ত আশা করা কঠিন।

তিনি মনে করেন, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ অত্যন্ত যৌক্তিক এবং পাকিস্তানের উচিত বাংলাদেশের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কট করা।

ভারত-পাকিস্তান রাজনৈতিক বৈরিতা আর আইসিসির অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়।

 

সংশ্লিষ্ট খবর

Back to top button