Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলা

পুরনো ঠিকানাতেই ম্যাক্সওয়েল

বিগ ব্যাশ লিগে গ্লেন ম্যাক্সওয়েলের এবারের মৌসুমটি ছিল তার দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে হতাশাজনক অধ্যায়গুলোর একটি। ১৪ মৌসুমের পথচলায় এমন বাজে পারফরম্যান্স আগে কখনো দেখা যায়নি তার। তবু এক মৌসুমের ব্যর্থতায় ম্যাক্সওয়েলের বাজারমূল্য কমেনি একটুও। আগ্রহ ছিল একাধিক দলের, আকর্ষণীয় প্রস্তাবও পেয়েছিলেন। সিডনি সিক্সার্স তাকে দলে নিতে প্রস্তুত ছিল বড় প্রস্তাব নিয়ে, আর বর্তমান দল মেলবোর্ন স্টার্স তো শুরু থেকেই তাকে ধরে রাখতে মরিয়া।
শেষ পর্যন্ত অভিজ্ঞ এই অলরাউন্ডার বেছে নিলেন পুরোনো ঠিকানাই। বিগ ব্যাশ মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মেলবোর্ন স্টার্সের সঙ্গে দুই বছরের নতুন চুক্তিতে সই করেছেন ম্যাক্সওয়েল। এই চুক্তির অর্থ, বয়স ৩৯ ছুঁয়েও স্টার্সের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে আগ্রাসী এই ক্রিকেটারকে।

সংখ্যার বিচারে এবারের বিগ ব্যাশ ম্যাক্সওয়েলের জন্য ছিল রীতিমতো দুঃস্বপ্ন। ৮ ইনিংসে তার সংগ্রহ মাত্র ৭৬ রান, যার মধ্যে ৩৯ রান এসেছিল এক ইনিংসেই। বিগ ব্যাশ ক্যারিয়ারে এটিই তার সবচেয়ে কম রানের আসর। এর আগে ২০১৬–১৭ মৌসুমে ৪ ম্যাচে ১১৭ রান করাই ছিল তার সর্বনিম্ন।

তবে ম্যাক্সওয়েলকে বিচার করতে এক মৌসুম যথেষ্ট নয়। বিগ ব্যাশ ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, ৩ হাজার ৩১৭ রান করেছেন ১৫৪-এর বেশি স্ট্রাইক রেটে। এই টুর্নামেন্টে দেড়শ রানের ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার তিনি। ছক্কার তালিকায় তার অবস্থান দ্বিতীয়, মোট ছক্কা ১৫৩টি। বল হাতেও রেখেছেন অবদান, উইকেট নিয়েছেন ৪৭টি। পাশাপাশি, টুর্নামেন্টের স্মরণীয় সেরা ক্যাচগুলোর অনেকগুলোর সঙ্গেই জড়িয়ে আছে তার নাম।
ম্যাচ জেতানোর সামর্থ্যের বাইরেও ম্যাক্সওয়েলের আছে আলাদা তারকামূল্য ও দর্শকপ্রিয়তা। সে কারণেই বয়স বা সাম্প্রতিক ফর্ম, কিছুই দলগুলোর আগ্রহ কমাতে পারেনি।

২০১১–১২ মৌসুমে মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলার পর গত ১৩ মৌসুম ধরে মেলবোর্ন স্টার্সই ম্যাক্সওয়েলের ঘর। সময়ের সঙ্গে তিনি হয়ে উঠেছেন এই দলেরই এক প্রতীক। অথচ এত বছরের সম্পর্কেও অধরা থেকে গেছে একটিই স্বপ্ন, বিগ ব্যাশের শিরোপা। স্টার্সই টুর্নামেন্টের ইতিহাসে একমাত্র দল, যারা এখনো ট্রফির স্বাদ পায়নি।

সেই অপূর্ণতা ঘোচানোর আশাতেই আবারও ম্যাক্সওয়েলের ওপর ভরসা রাখছে স্টার্স। আর ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারও বিশ্বাস করেন, সাফল্যের মঞ্চে পৌঁছানোর পথেই আছে বর্তমান দল। স্টার্সের সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা মনে করে তিনি দলের জন্য কিছু করে যাওয়ার তাগিদ অনুভব করেন। তার ধারণা, এই স্কোয়াডে বিশেষ কিছু গড়ে ওঠার সম্ভাবনা আছে এবং আগামী দুই মৌসুমে শিরোপার লড়াইয়ে থাকার মতো সামর্থ্য তাদের রয়েছে।
বিগ ব্যাশ ট্রফি, এটাই এখন ম্যাক্সওয়েল ও মেলবোর্ন স্টার্সের যৌথ স্বপ্ন।

সংশ্লিষ্ট খবর

Back to top button