ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

মাগুরা-১ নির্বাচনি এলাকার ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনায় মঙ্গলবার বিকেলে ওই কেন্দ্রে দুটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। এর মাত্র কয়েক ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি লাঠি দিয়ে আঘাত করে একটি ক্যামেরা গুঁড়িয়ে দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি সরাসরি ক্যামেরায় আঘাত করছেন, তবে অন্ধকারের কারণে তার চেহারা স্পষ্ট শনাক্ত করা সম্ভব হয়নি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, মাঠ ও পাশের সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সিসিটিভি লাগানো হয়েছিল। সকালে নাইটগার্ড ক্যামেরাটি ভাঙা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় স্থানীয় ছয় যুবক জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।
মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলেই জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগে এ ঘটনায় স্থানীয় ভোটারদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।



