রেমিট্যান্সে বড় লাফ: ৩ সপ্তাহে ২৩৩ কোটি ডলার!

জানুয়ারির প্রথম ২১ দিনেই দেশে ২ দশমিক ৩৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আসার খবরটি বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি সংকেত। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খানের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১১ কোটি ১০ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে আসছে।
তিনি বলেন, চলতি জানুয়ারির প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৩৩ কোটি ১০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৫০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
আর ২১ জানুয়ারি এক দিনে প্রবাসীরা দেশে ১১ কোটি ডলার পাঠিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৮৫৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ২১ দশমিক ৭০ শতাংশ।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার। যা চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের যেকোনো মাসের মধ্যে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।



