Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বাংলাদেশঅপরাধআইন-বিচার

মারা গেছেন কারাবন্দি হলমার্ক গ্রুপের এমডি তানভীর

ঋণ জালিয়াতির দায়ে কারাবন্দি হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ (৫৫) মারা গেছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ জানান, এদিন দুপুর দেড়টার দিকে অসুস্থবোধ করলে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে পাঠানো হয়। আনুষ্ঠানিকতা শেষে বিকেল চারটায় তাকে ঢামেকের ছয় তলার ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিকভাবে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন। এছাড়াও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি ও অন্যান্য শ্বাসকষ্টজনিত জটিলতা ছিল তার।

তানভীর যে মামলায় কারাবন্দি ছিলেন, সেটি প্রায় এক যুগ আগের। অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ওই মামলা হয়। এ মামলায় ২০২৪ সালের ১৯ জুন রায় দেয় আদালত। এতে তানভীর মাহমুদ এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।

এর আগে, সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা করা হয়। এসব মামলার মধ্যে কয়েকটির রায় হয়েছে। তবে সেসব মামলায় তানভীর মাহমুদ বা জেসমিন ইসলাম আসামি ছিলেন না। এই দম্পতির সাজা হয় ২০১২ সালের ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় করা দুদকের মামলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button