ঢাকাসহ আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই দুর্বৃত্ত পার্কিং করা কিরণমালা বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে। অন্যজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। পরে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহ আলী থানার ওসি গোলাম আজম বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বেড়িবাঁধের তামান্না পার্কের সামনে রাখা কিরণমালা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের সময় এ ঘটনা ঘটে। এ সময় আগুন দিয়ে পালানোর সময় স্থানীয়দের ধাওয়ায় তুরাগ নদে পড়ে একজনের মৃত্যু হয়েছে।



